
মোবাইল ফোনের প্রতি শিশুদের অতিরিক্ত আসক্তি কমিয়ে তাদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করে। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে শিশুদের বই পড়ার দিকে ফিরিয়ে আনতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদল বঙ্গভবন পরিদর্শনে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। কর্মসূচির তৃতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বই পড়ার পাশাপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মধ্য থেকেই কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী কিংবা সশস্ত্র বাহিনীর সদস্য হবে; কেউ সরকারি দায়িত্ব পালন করবে, আবার কেউ দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই এখন থেকেই শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। একই সঙ্গে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং দেশকে ভালোবাসার ওপর গুরুত্ব দিতে হবে।
শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন ও সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের উৎসাহিত করেন রাষ্ট্রপতি।
দেশপ্রেমে উদ্বুদ্ধ করে রাষ্ট্রপতি বলেন, দেশটাকে ভালোবাসবে। আমাদের দেশটাই আসল, এটাই আমাদের অস্তিত্ব। এই দেশই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবিকা ও আশ্রয় দেয়। দেশকে ভালোবেসে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।























