
গোপালগঞ্জের মুকসুদপুরে চলন্ত বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতন ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দেওয়া ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরে এ ঘটনা ঘটে।
আহত সাব্বির খান ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন সাব্বির। রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন ব্যক্তি বাসে উঠে তার মোবাইল ফোন তল্লাশি করেন।
মোবাইল ফোনে ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমের পোস্ট এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
সাব্বিরের অভিযোগ, তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে নিজের ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে ওই বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।
তিনি আরও জানান, প্রায় ২০ জনের একটি দল লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে তাকে আটকে রাখে। একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান তিনি। পরে খবর পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সিও অফিস চত্বর থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড প্রতিরোধে পিরোজপুর জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া হয়েছে। ঘটনাটি গোপালগঞ্জে ঘটেছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।























