• আজ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

| Peoples News ৫:৪০ অপরাহ্ণ | ১৫/০৬/২০২৬ বাংলাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎সোমবার (১৫ জুন) ভোরে তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
‎পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রীজের উপর মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অন্যান্য সংযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জনগনের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক আসামি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
‎এবিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।#