• আজ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে লুঙ্গি লম্বা করে পরতে দেশব্যাপী সচেতনতা বাড়ানো হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৭:২৬ অপরাহ্ণ | ১৫/০৭/২০২৬ স্বাস্থ্য

মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে দেশব্যাপী সচেতনা বৃদ্ধিতে কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মশারি টানিয়ে ঘুমানোর পাশাপাশি ফুল হাতা শাট এবং পাজামা অথবা লুঙ্গি লম্বা করে পরার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আমরা পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার চালিয়ে আসছি।

তিনি বলেন, সকল ড্রেনগুলোকে পরিষ্কার করা হয়েছে। ঢাকার দুটি সিটি কর্পোরেশন এবং বাংলাদেশের প্রত্যেকটা মিউনিসিপালিটি ও সিটি কর্পোরেশন একইভাবে মশা, ফ্লাইং এডাল্ট মশাকে মারার জন্য স্প্রে করে যাচ্ছে এবং লার্ভাকে মারার জন্য এক জাতীয় ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। সেই কারণে মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছেডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের অবহেলা ও সচেতনতার অভাব প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, একটি কথা এ ব্যাপারে সবাইকে বলতে চাই। মস্কিটো ইজ ভেরি স্মল ইনসেক্ট। আমাদের মতন একটা ঘনবসতিপূর্ণ দেশে, বৃষ্টি-বাদলের দেশে যত্র-তত্র পানি জমে থাকে। মানুষের ছাদের উপরে টবে পানি জমিয়ে রাখে। আমরা যদি লোক পাঠাই পরীক্ষা করার জন্য, মহিলারা বাড়িতে ঢুকতে দেন না। মোবাইল কোর্ট গেলে গালিগালাজ করেন, ঢুকতে দেন না; নিরাপত্তার অভাব ফিল করেন।

মন্ত্রী আরও বলেন, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের সরকার, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমরা স্প্রে করে যাচ্ছি, আমরা লার্ভার ট্যাবলেট ছিটিয়ে যাচ্ছি। একই সাথে দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর জন্য, ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পরার জন্য অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি।