
মেহেরপুর গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে এক দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু।
শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব প্রমূখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ফাইলিং নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তাছাড়া এসিল্যান্ড, কৃষি অফিসসহ সবখানে এক শ্রেণির দালাল সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি করে অর্থ আদায় করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন আজও কৃষকদের সার নিয়ে ছিনিমিনি খেলছে। তাছাড়া স্কুল ফিডিংয়ে দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার। অনতি বিলম্বে এসব দুর্নীতি বন্ধ করার আহ্বান জানান বক্তারা।






















