
বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান বলেছেন, ‘তিনি দাবি করেন, সুযোগ পেলেই জামায়াত বিএনপির ক্ষতি করার চেষ্টা করবে। তাই দলটির বিষয়ে সতর্ক থাকার বিকল্প নেই। জামায়াতের মিষ্টি কথায় বিশ্বাস করা মানে শয়তানের দ্বারা বিভ্রান্ত হওয়া।’
বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘দল হিসেবে বিএনপি অতীতে সফলভাবে দেশ চালিয়েছে। বিএনপি জানে কখন কী সিদ্ধান্ত নিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে, বিএনপি বাস্তবতা বোঝে। বিএনপি তো জামায়াতের মতো কোনো হঠকারী দল নয়। এমনকি জামায়াত থেকে বিএনপির শেখারও কিছু নেই।’
প্রসঙ্গটি টেনে পোস্টে তিনি আরও লেখেন, ‘বরং জামায়াতের হঠকারিতাকে প্রশ্রয় দিলে দল হিসেবে বিএনপি এবং এই জাতিকে খেসারত দিতে হতে পারে। জামায়াত তার রাজনীতি করুক। তাকে যতই সুযোগ-সুবিধা দেওয়া হোক না কেন, সুযোগ পেলেই সে ছোবল মারবে।’
অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রাশেদ খান বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে থেকে বিএনপিকে ছোবল মেরেছে। ভবিষ্যতেও সেই চেষ্টা থাকতে পারে।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে এখন দুই পক্ষের মুখের ভাষা মোটামুটি একই রকম। সে কারণে সতর্ক থাকার কোনো বিকল্প নেই।’





















