
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দায়ের করা মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতা জামিন পেয়েছেন। রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ঘটনার সময়, তারিখ ও স্থান উল্লেখ নেই এবং আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেছেন। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে জামিন আবেদন করেছি এবং আদালত তা মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে সদর মডেল থানায় ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।





















