• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সরকারি গাছ কাটার অভিযোগে যুবদল নেতাকে শোকজ

| নিউজ রুম এডিটর ৬:৫৯ অপরাহ্ণ | ০২/০৮/২০২৬ অপরাধ-দুর্নীতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদ উল্যাহ শহীদের বিরুদ্ধে সরকারি গাছ বেআইনিভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার এক সপ্তাহ পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিরাজপুর ইউনিয়ন পরিষদ।

রোববার (২ আগস্ট) সকালে সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম ও প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেনের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্ত যুবদল নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম স্বাক্ষরিত ওই নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, গত ২৫ জুলাই সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদ উল্যাহ শহীদ প্রকাশ্য দিবালোকে সরকারি সড়ক থেকে মূল্যবান মেহগনি গাছ কেটে নেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ২৮ জুলাই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে কেটে নেওয়া গাছের অংশবিশেষ জব্দ করেন।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, বেআইনিভাবে সরকারি গাছ কেটে নেওয়ার বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।