• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সরকারি গাছ কাটার অভিযোগে যুবদল নেতাকে শোকজ

| নিউজ রুম এডিটর ৭:০০ অপরাহ্ণ | ০২/০৮/২০২৬ অপরাধ-দুর্নীতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদ উল্যাহ শহীদের বিরুদ্ধে সরকারি গাছ বেআইনিভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার এক সপ্তাহ পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিরাজপুর ইউনিয়ন পরিষদ।

রোববার সকালে সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক জরুরি সভা করেন প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম ও প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন। ওই সভায় অভিযুক্ত যুবদল নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। দুপুরে প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিশে শহীদ উল্যাহ শহীদকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে এই শোকজ নোটিশের অনুলিপি স্থানীয় সরকার শাখা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা ও এলজিইডি অফিসে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৫ জুলাই প্রকাশ্য দিবালোকে সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদ উল্যাহ শহীদ সরকারি সড়ক থেকে একটি মূল্যবান মেহগনি গাছ কেটে ফেলেন। সংবাদ প্রকাশের পর গত ২৮ জুলাই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে কেটে নেওয়া গাছের অংশবিশেষ জব্দ করেন।

এদিকে গাছ কাটার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে মামলা না হওয়ায় জনমনে প্রশ্ন ওঠে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তড়িঘড়ি করে জরুরি সভা ডেকে এই শোকজ নোটিশ প্রদান করে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানিয়েছেন, বেআইনিভাবে সরকারি গাছ কাটার বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।