• আজ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স:

৬৪ হাজার ইয়াবাসহ গোপালগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

| Peoples News ৪:০২ অপরাহ্ণ | ১৯/০৮/২০২৬ সারাদেশ

অংকন তালুকদার,বিশেষ সংবাদদাতা: গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোর থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ও নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

পুলিশ সুপার বলেন, মাদকদ্রব্যর নেশা ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই নেশায় আসক্ত হয়ে পড়েছে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা। তা সচরাচর সবখানেই দেখা যায়। আর মাদকদ্রব্যের আসক্তির কারণে তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। বাড়ছে কিশোর অপরাধ।’ তাই এই সমস্যা থেকে আমাদের সন্তানদের বাঁচাতে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। যদি আপনার নজরে পড়ে তাহলে আমাকে জানাবেন আমি তৎক্ষণাৎ আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

মঙ্গলবার রাত ৩টার দিকে শহরের এলজিইডি মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ আরো জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে প্রথমে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ওই লাগেজের ভেতর থেকে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

পুলিশের দাবি, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে।

 

 

পি নিউজ/ গোপালগঞ্জ মাদক