• আজ

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে’

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ‘পিএম-দক্ষ’ প্রকল্পের বাস্তবায়নে চরম গাফিলতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেছেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু হলেও বাস্তবে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রকল্পের বাস্তবায়নে গুরুতর ত্রুটি রয়েছে এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে পিএম-দক্ষ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর নামে প্রকল্প জাঁকজমকপূর্ণভাবে চালু করা হলেও বাস্তবে তার সুফল শূন্যের কোঠায়। সরকারের বিরুদ্ধে কাজের চেয়ে বিজ্ঞাপন, প্রচার এবং খবরের শিরোনাম তৈরিতেই বেশি মনোযোগ দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। কংগ্রেস নেতার দাবি, বিগত দুই বছর ধরে প্রকল্পের বাস্তবায়নে ধারাবাহিক ব্যর্থতা এবং এর আগের বছরগুলোতে বরাদ্দ অর্থ খরচ করতে না পারা কেন্দ্রের প্রশাসনিক দেউলিয়াত্ব ও ব্যর্থতাকেই স্পষ্ট করে তোলে।

জয়রাম রমেশ বলেন, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান মোদি সরকারের আমলে তা কার্যত খাতায়-কলমে ও কাগজেই সীমাবদ্ধ রয়েছে। তার মতে, প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত একটি জনকল্যাণমূলক প্রকল্পও যদি সরকার সফলভাবে কার্যকর করতে না পারে, তবে সেই সরকারের ক্ষমতায় টিকে থাকার কোনো নৈতিক অধিকারই থাকতে পারে না।

,