
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। মৃত্যুর আগের রাতে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে বান্ধবী ও জুনিয়র পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপের সাথে সময় কাটিয়েছিলেন তিনি। এ সময়ের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ ও তার বান্ধবী। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর অন্য একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন দীপ। পরে তিনজনকে একসাথে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।
রেস্টুরেন্টের আরেকটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লিফটের সামনে তাহসিফ ও তার বান্ধবী অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসাথে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়।
গ্রেফতার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সেখান থেকে বের হওয়ার পর তাহসিফের বান্ধবীকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। সেখানে কী ঘটেছিল, তা জানতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করছেন তদন্তকারীরা।
এর আগে গত ২৮ অক্টোবর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এর আগের দিন সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় দীপ তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সূত্রের মাধ্যমে তদন্তকারীরা জানতে পারেন, তারা টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, সেখানে যাওয়ার পর তারা ধাওয়ার মুখে পড়েন এবং একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এ বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছে তাহসিফের পরিবার।
এ ঘটনায় গ্রেফতার দীপকে শনিবার ঢাকার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।























