• আজ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেল মিছিল করার সময় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ার ঘটনা ঘটেছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই মিছিল থেকে নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম মো. এনামুল। তিনি ক্যান্টনমেন্ট থানা পুলিশের টহল গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালনরত ওই গাড়িটিকে লক্ষ্য করে ককটেল ছোড়া হলে বিস্ফোরণে গাড়ির চালক পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় অংশ নেওয়া মোটরসাইকেল আরোহীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযানও অব্যাহত রয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ সময় বহরে থাকা ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। মোটরসাইকেলের বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সেখান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়েন।

, ,