• আজ

বাজি ফাটালে সেরে যায় বিভিন্ন রোগ: বিজেপি নেত্রী পাপিয়া

বাজি ফাটালে সেরে যায় বিভিন্ন রোগ: বিজেপি নেত্রী পাপিয়া

কালীপূজা ও দীপাবলির আবহে বাজি পোড়ানো নিয়ে বিতর্ক যখন চরমে, ঠিক তখনই এক অদ্ভুত দাবি করে বসলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বাজি ফাটানো নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং বাজি পোড়ালে সেরে যেতে পারে বিভিন্ন ধরনের রোগব্যাধি! টালিগঞ্জের বিজেপি বিধায়কের এমন মন্তব্য সামনে আসতেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল।

ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ এলাকার একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে। বিধায়ক পাপিয়া অধিকারী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাইক হাতে তিনি যখন বক্তব্য দিতে শুরু করেন, ঠিক তখনই তার একেবারে সামনে একটি বাজি সশব্দে ফেটে ওঠে। কিন্তু তাতে একটুও ঘাবড়ে না গিয়ে বিধায়ক নিজের ভাষণ চালিয়ে যান এবং হাসিমুখে বলেন, আপনারা দেখবেন, বাজি ফাটানো হলে শরীরের একাধিক রোগব্যাধি কিন্তু সেরে যায়। উৎসবের মঞ্চে দাঁড়িয়ে কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া তার এমন দাবি শুনে উপস্থিত অনেকেই চমকে যান।

একই সাথে উৎসবের দিনে বাজি ফাটানোর পক্ষে সওয়াল করেন এই বিজেপি নেত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী নিজেই তো বাজি ফাটানোর কথা বলেছেন। বাজি না থাকলে কি আর কালীপূজা সম্পূর্ণ হয়? তাই বাজি তো ফাটানো হবেই। তবে অবশ্যই আমরা পুলিশ প্রশাসনের নির্দেশিকা ও নিয়ম মেনেই বাজি ফাটাব।

প্রসঙ্গত, এর আগে আমহার্স্ট স্ট্রিট ও খালিষানি সহ একাধিক বড় বড় পূজামণ্ডপ উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীও কালীপূজায় বাজি ফাটানোর বিষয়ে কথা বলেছিলেন। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, শব্দদূষণ রুখতে হবে এবং বাজি ফাটানোর ক্ষেত্রে সব ধরনের আইনি নিয়ম মানতে হবে। সর্বসাধারণকে কেবল পরিবেশবান্ধব বা ‘সবুজ বাজি’ ব্যবহারেরও আহ্বান জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর বাজি ফাটানো নিয়ে বিজেপি বিধায়কের এমন বিচিত্র দাবি এখন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে আলোচনার মূল কেন্দ্রে চলে এসেছে।