
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তিনি বলেছেন, তার কিংবা পরিবারের কোনো সদস্যের ওপর হামলা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার ওসিকে নিতে হবে।
সোমবার (৯ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা এক লাইভে এসব কথা বলেন তিনি।
লাইভে তিনি অভিযোগ করেন, যেকোনো সময় তার বিরুদ্ধে মামলা দেওয়া হতে পারে। ওসির চাকরি চলে যাওয়ার আশঙ্কা থেকে তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হতে পারে বলে দাবি করেন তিনি। ওসির কথিত অনিয়ম ও অপকর্মের বিষয়ে কথা বলার কারণেই তিনি পুলিশের ওই কর্মকর্তার রোষানলে পড়েছেন বলেও অভিযোগ করেন।
আখতারুজ্জামান রঞ্জন আরও দাবি করেন, কটিয়াদীতে মাদকের গডফাদার ওসি। উপজেলার নয়টি ইউনিয়নে ওসির মনোনীত ৩০ জন লোক মাদককারবারের সঙ্গে জড়িত। ওসি সারা রাত উপজেলাজুড়ে ঘোরাফেরা করেন এবং মাদকসহ আসামি গ্রেফতারের পর তাদের কাছ থেকে অর্থ আদায় করেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া ওসির ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত একাধিক মোবাইল ফোনের তথ্য যাচাই করলে তার যোগাযোগ ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলেও লাইভে মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।
নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে তার বা পরিবারের কারও ওপর কোনো হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকেই এর দায় নিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানা কটিয়াদীর গচিহাটা বাজারে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকায় নিয়ে অস্ত্রোপচার করানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্যের সৃষ্টি হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলাবাসী আমার কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন। আমি যেসব ভালো কাজ করছি, জনসাধারণ তার সাক্ষী। মেজর আখতার আমাকে নিয়ে যেসব অপপ্রচার চালাচ্ছেন, সেগুলোর প্রমাণ দেওয়ার আহ্বান জানাই।























