
নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে দলীয় তথ্য পাচারের অভিযোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা, দলীয় অবস্থানে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি থাকার অভিযোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমানের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তৈয়বুর রহমানের সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক।
তিনি আরও বলেন, এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির দলীয় তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।























