
যুক্তিতর্কে নৃশংস বর্ণনা
গুলি চালিয়ে হত্যার পর মরদেহের পেট কেটে বের করা হতো নাড়িভুঁড়ি। এরপর গলায় ও পায়ে বেঁধে দেওয়া হতো সিমেন্টভর্তি বস্তা, যাতে নদীতে ভেসে না ওঠে লাশ। একজন গুলি চালাতেন, আরেকজন পেট কাটতেন। সাবেক র্যাব কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে উঠে এসেছে এমন ভয়াবহ বর্ণনা।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের অভিযোগে করা মামলায় মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়েছে। প্রথম দিন বেলা সোয়া ১১টার পর তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
যুক্তিতর্কের শুরুতে মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এরপর আসামি জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য এবং মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি পড়ে শোনান তিনি।
বালিশ ব্যবহার করে গুলি, এরপর মরদেহের পেট কাটা
হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, হত্যার সময় রক্ত যেন নিজের শরীরে না লাগে, সে জন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় নিয়ে গুলি করার পর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়া হতো। এ কাজে একজন গুলি চালাতেন, আরেকজন পেট কাটতেন।
চিফ প্রসিকিউটর বলেন, গুলি করার পর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো, যাতে লাশ ভেসে না ওঠে এবং হত্যার চিহ্ন প্রকাশ না পায়।
এ সময় এসব ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘মাই লর্ড, এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র।’
তার ভাষ্য, এসব বর্ণনা থেকেই জিয়াউল আহসানের নিষ্ঠুরতার মাত্রা বোঝা যায়।
ট্রলারে তুলে নিয়ে গুলি, পরে পেট কেটে নদীতে নিক্ষেপ
গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মামলার ১৩তম সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব ঘটনায় তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার বিষয়েও বক্তব্য দেন এই সাক্ষী।
জবানবন্দিতে সাব্বির রহমান জানান, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে যান জিয়াউল আহসান। পরে তাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে পৌঁছান তিনি।
সেখানে আগে থেকেই র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত রেখেছিলেন। ঢাকা থেকে আসা সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরানো এক ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়।
সাক্ষীর বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে রওনা হয়। প্রায় তিন ঘণ্টা চলার পর ট্রলারের খোল থেকে হাত বাঁধা ব্যক্তিকে বের করে আনতে বলেন তিনি।
এরপর র্যাবের চার সদস্য ওই ব্যক্তির গলা ও পায়ের কাছে দুটি সিমেন্টভর্তি বস্তা বেঁধে দেন। মাথা ও কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করা হয়। পরে তার পেট কেটে ফেলা হয়।
সাব্বির রহমানের দাবি, একজন র্যাব সদস্য নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার বিষয়টি নিশ্চিত করতেন। এরপর নদীর জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা বিবেচনায় নিয়ে ট্রলারের গতি কমানোর নির্দেশ দিতেন জিয়াউল আহসান। পরে ইন্টেলিজেন্স উইংয়ের চার সদস্যকে সিমেন্টের বস্তাসহ মরদেহটি পানিতে ফেলে দিতে বলা হতো।
ঘটনা শেষে চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। পথে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিয়াউল আহসান বলেছিলেন, ‘এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে গলফ করতে হবে।’
২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বর্ণনা দেন সাবেক এই সেনা কর্মকর্তা। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি। তার জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা মরদেহটির ডিএনএ পরীক্ষা করে ব্যক্তিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয়েছিল।
ভুক্তভোগীদের নিয়ে যাওয়াসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে জবানবন্দিতে। সাব্বির জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল জানান, আলকাছ মাঝি গলফ অপারেশনসংক্রান্ত বিভিন্ন তথ্য চরদুয়ানী বাজারে বলে বেড়াচ্ছেন। এতে র্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এরপর তাকে আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেন তিনি।
শুধু চরদুয়ানীতেই নয়, সুন্দরবনেও এ ধরনের কার্যক্রম চালানো হয় বলে নিজের সাক্ষ্যে জানিয়েছেন সাব্বির রহমান। জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় তিনটি সুন্দরবনকেন্দ্রিক তথাকথিত এনকাউন্টার অভিযান পরিচালনা প্রত্যক্ষ করেন এই সাক্ষী। র্যাবে দায়িত্ব পালনকালে এসব ঘটনায় মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন বলে জবানবন্দিতে জানান তিনি। চাকরির ১৮ বছর পূর্ণ হলে র্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে আসেন বলেও জানান তিনি।
প্রথম দিনের যুক্তিতর্কে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটররা। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তার পক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।























