
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গত ২৩ নভেম্বর আদালত চত্বর থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ছয় দিন পর একই এলাকায় আবারও বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর ১২টার দিকে এলাকাটি খুবই কর্মচঞ্চল ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে একটি ককটেল ছোড়ে। তবে সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।























