
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার (২৯ ডিসেম্বর) শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে শেরপুর-১ আসনে ৭ জন, শেরপুর-২ আসনে ৫ জন এবং শেরপুর-৩ আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
শেরপুর-১ (আসন-১৪৩, শেরপুর সদর):
বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানশিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী প্রার্থী হাফেজ রাশেদুজ্জামান রাশেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত মাহমুদুল হক মনি, জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মইনুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।
শেরপুর-২ (আসন-১৪৪, নকলা-নালিতাবাড়ী):
বিএনপি মনোনীত প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল্লাহ আল কায়েশ, জাতীয় পার্টির প্রার্থী রফিকুল ইসলাম বেলাল এবং প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান মনোনয়ন দাখিল করেন। উল্লেখ্য, বিএনপি প্রার্থী হিসেবে ইলিয়াস খান মনোনয়নপত্র দাখিল করলেও দাখিলকৃত কাগজপত্রে দলীয় মনোনয়ন সংযুক্ত ছিল না।
শেরপুর-৩ (আসন-১৪৫, শ্রীবরদী-ঝিনাইগাতি):
বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা এবং এনসিপি মনোনীত মো. আব্দুল মান্নান মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, যাচাই–বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।






















