• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অবহেলিত: মাসুদ কামাল

| নিউজ রুম এডিটর ৮:৩০ অপরাহ্ণ | ১৩/০৮/২০২৬ অন্যান্য

বাংলাদেশের রাষ্ট্রপতি পদটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে অবহেলিত একটি পদ বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, দেশের রাজনীতিতে এই পদের কার্যকর কোনো গুরুত্ব নেই বললেই চলে। বুধবার (১২ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে কদমবুসি করতেন, যা রাষ্ট্রপতি হওয়ার পর তিনি হারাতেও বাধ্য হয়েছেন। এটি থেকেই প্রমাণিত হয় যে সেখানে কোনো স্বাধীনতা ছিল না, বরং নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হতো। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, এই পদের কোনো প্রকৃত ক্ষমতাও নেই এবং এটি একধরনের বন্দি জীবনযাপনের মতো। অথচ ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে চূড়ান্ত সম্মান পাওয়ার আশায় অনেকেই এই পদের জন্য আকুতি জানান।

আওয়ামী লীগ আমলে মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করার প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, নাম ঘোষণার আগে দলের ভেতরে বা জনসমক্ষে এ নিয়ে কোনো আলোচনা বা যোগ্যতার মূল্যায়ন হয়নি। কিন্তু নাম প্রকাশের পরপরই মন্ত্রী ও এমপিরা প্রধানমন্ত্রীর চিন্তার দূরদর্শিতা নিয়ে সার্টিফিকেট দেওয়া শুরু করেন। কারণ, দলে এমন গণতন্ত্র বিরাজমান যে ভিন্নমত প্রকাশের সাহস কারও থাকে না। দলগুলোতে একক সিদ্ধান্তের চর্চা এখনো অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, দেশের সব দলেই একক সিদ্ধান্তের সংস্কৃতি চালু রয়েছে। অতীতে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিতে যেমনটি দেখা গেছে, অন্য বড় দলগুলোতেও একই চর্চা পরিলক্ষিত হয়। গুরুত্বপূর্ণ পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উন্মুক্ত আলোচনা বা যোগ্যতার মূল্যায়ন না করে চূড়ান্ত ক্ষমতা দলের শীর্ষ নেতার হাতে ছেড়ে দেওয়া হয়। রাষ্ট্রপতি পদে কার নাম আসবে তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মূল সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের একক ইশারার ওপরই নির্ভর করে, যা আমাদের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিরই বাস্তবতা।