• আজ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৭:১০ অপরাহ্ণ | ২৪/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা ও নিঃস্বার্থ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করে লেখেন, তিনি নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে সবসময় অনুজদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন। ব্যক্তিগত জীবনে অলসতা তার স্বভাববিরুদ্ধ এবং সুযোগ পেলেই তিনি কাজে নিজেকে নিয়োজিত রাখেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্য ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের কথা স্মরণ করে তিনি বলেন, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক কথোপকথনে মির্জা ফখরুল তাকে জানিয়েছিলেন যে, খালেদা জিয়াকে মুক্ত করতে পারা এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার মাধ্যমেই তার জীবনের কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি মনে করেন।

রাজনীতিতে মির্জা ফখরুলের মতো একজন অনুগত সহযোদ্ধা পাওয়া যেকোনো নেতার জন্য সৌভাগ্যের উল্লেখ করে ফাহাম লেখেন, তিনি নিশ্চিত নন যে তারেক রহমান এমন একজন ‘সাহাবী’ বা সহযোদ্ধা পাবেন কি না। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচন হওয়াটাকে একই সঙ্গে আনন্দ ও হতাশার বলে অভিহিত করে তিনি জানান, জাতি হিসেবে এমন একজন অভিভাবক পাওয়া আনন্দের হলেও বিএনপিতে এমন একজন মানুষের স্থান পূরণ করা কঠিন হবে। রাজনীতিতে সৎ ও ভালো মানুষের স্থান নেই—এমন ধারণার প্রতিবাদ জানিয়ে তিনি তার স্ট্যাটাস শেষ করেন।