• আজ

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশে দিলেন নেতাকর্মীরা

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশে দিলেন নেতাকর্মীরা

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরে যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন ইউসুফ মুন্সী (৪০) নামে এক ব্যক্তি। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন মিছিলকারীরা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ইউসুফ উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে এবং তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যানচালক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করছিলেন যুবদলের স্থানীয় নেতাকর্মীরা। এসময় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ইউসুফ মুন্সী। একপর্যায়ে যুবদলের মিছিলটি লক্ষ্য করে তিনি উস্কানিমূলক কর্মকাণ্ডসহ ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। পরে তাকে ধরে পুলিশের সোপর্দ করেন মিছিলকারীরা।

ওই মিছিলের নেতৃত্ব দেওয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুন্সী ইসারত জানান, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা সদরের কৃষ্ণপুর মোর থেকে তারা একটি মিছিল রের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে এলে ওই ব্যক্তি (ইউসুফ) বার বার ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ দিতে থাকে।

তিনি আরও জানান, ইউসুফ মুন্সী পেশায় একজন ভ্যানচালক। উস্কানিমূরক স্লোগান দেওয়ার জেরে আমরা তাকে ধরে সদরপুর থানায় সোপর্দ করি।

সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ্ জানান, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের একজনকে থানায় সোপর্দ করেছে। যুবদলের মিছিলের সামনে তিনি (ইউসুফ) ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছেন মিছিলকারীরা। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।