
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুশলী ইউনিয়নের দুই নেতা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আনিস লস্করের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন- কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও একই ওয়ার্ডের মো. বাবোর মোল্লা। তাদের দুজনের বাড়িই রামচন্দ্রপুর গ্রামে।
সংবাদ সম্মেলনে আনিস লস্কর বলেন, তারা আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে গত ৫ আগস্টের পর পরিস্থিতির শিকার হয়ে এবং কোনও উপায় না পেয়ে চরম ভয়ের কারণে তারা বিএনপিতে যোগ দিয়েছিলেন।
তিনি আরও বলেন, সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবো না।
এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন আনিস লস্কর।
সংবাদ সম্মেলনে অপর পদত্যাগকারী মো. বাবোর মোল্লা জানান, তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়েছিল। সেই ভয়ে বাধ্য হয়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তবে এখন সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছেন।























