• আজ

শিক্ষকদের বেতন স্থগিত রাখতে ইউএনওর চিঠি, মাউশি বলছে ‘এখতিয়ার নেই’

শিক্ষকদের বেতন স্থগিত রাখতে ইউএনওর চিঠি, মাউশি বলছে ‘এখতিয়ার নেই’

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। তবে মাউশির মহাপরিচালক বলেছেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মাউশিরও নেই।’

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উপজেলার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

তবে এভাবে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার এখতিয়ার উপজেলা পর্যায়ে রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মন্ত্রণালয়ের বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক।

গত ১৫ নভেম্বর ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে হবে। প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত এ ব্যবস্থা বহাল রাখার জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতিকে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে এ সিদ্ধান্তের ভিত্তি হিসেবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাউশির আঞ্চলিক পরিচালকসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠির অনুরোধ বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি অগ্রণী ও সোনালী ব্যাংকের ভালুকা শাখার ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিটি ইউএনও মো. ফিরোজ হোসেনের স্বাক্ষরে জারি করা হয়েছে বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। তবে সিদ্ধান্তটি তার একক নয় উল্লেখ করে তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে তিনি সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছেন বলে জানান।

তবে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার বিষয়ে উপজেলা পর্যায়ের এই উদ্যোগের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মাউশিরও নেই। তবে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো যেতে পারে, সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের।

মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানও ইউএনওর এ উদ্যোগকে এখতিয়ারবহির্ভূত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিলে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য চাইলে তা দেওয়া যেতে পারে। এ ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে হলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত চাওয়া উচিত ছিল। এমন চিঠির কারণে শিক্ষকরা হয়রানির শিকার হতে পারেন। কেউ এভাবে ক্ষতিগ্রস্ত হলে তা শাস্তিযোগ্য হওয়ার বিষয়ও সামনে আসতে পারে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালার ১৮.৪ ধারায় বলা হয়েছে, কোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কাম্য শিক্ষার্থীসংখ্যা কিংবা কাম্য ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে না পারলে মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা বাতিল করতে পারবে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি এমপিওর শর্ত পূরণ করলে আবারও এমপিও পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। তবে এমপিও স্থগিত থাকা সময়ের কোনো বকেয়া বেতন-ভাতা পাওয়ার সুযোগ থাকবে না।

নীতিমালার এই ধারায় এমপিও স্থগিত বা বাতিলের ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে রাখা হয়েছে। অন্যদিকে ভালুকার ইউএনওর চিঠিতে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য ম্যানেজিং কমিটির সভাপতিদের অনুরোধ জানানো হয়েছে।