• আজ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে নির্যাতনের শিকার নারী, অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

| নিউজ রুম এডিটর ১০:০৬ অপরাহ্ণ | ২৬/০৭/২০২৬ অপরাধ-দুর্নীতি

শরীয়তপুরের ভেদরগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরির অপবাদ দিয়ে এক মধ্যবয়স্ক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারগিস বেগম এবং তার পরিবার।

নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছয়গাঁও ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লার কাছ থেকে দুই লক্ষ টাকা ও চার ভরি স্বর্ণালংকার খোয়া যায়। এই নিয়ে অভিযোগ করে গত বৃহস্পতিবার ছয়গাঁও এলাকার আবুল শেখের স্ত্রী ও ছয় সন্তানের জননী নারগিস বেগমকে ধরে নিয়ে যান আনোয়ার হোসেন মোল্লা ও তার সহযোগীরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পরে নারগিস বেগমকে দুই হাত ধরে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। নির্যাতনের সময় নারগিস বারবার নিজেকে নির্দোষ দাবি করে আকুতি জানান। মারধরের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীদের নির্যাতন থামেনি। গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক নারীর দুই হাত ধরে রেখেছেন দুই ব্যক্তি এবং অন্য একজন লাঠি দিয়ে তাকে মারধর করছেন। এ সময় নারগিস মাটিতে লুটিয়ে পড়লে আবারও মারধর করা হয়। ভুক্তভোগী নারগিস বলেন, ‘আমি কোনো চুরি করিনি। তারা আমাকে চোরের মিথ্যা অপবাদ দিয়েছে।’

নারগিসের ছেলে গোলাম রাব্বি জানান, ‘আমাদের পরিবারের কোনো অভাব নেই। আমার মা চুরি করেনি। বিএনপি নেতা আনোয়ার মোল্লা এবং তার লোকজন চুরির অপবাদ দিয়ে আমার মাকে মারধর করেছে।’

এদিকে, ভুক্তভোগীর মেয়ে মেহেরুন বলেন, ‘যেভাবে আমার মাকে মারা হয়েছে তা দেখার মতো নয়। যদি অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত ছিল।’

এই বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন মোল্লার বক্তব্য নিতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, ‘এ ধরনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হওয়া উচিত।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ‘আমরা খবর পেয়ে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ করা হলে তা মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’