• আজ

৫ দিনের রিমান্ডে বায়তুল মোকাররমের সাবেক খতিব

৫ দিনের রিমান্ডে বায়তুল মোকাররমের সাবেক খতিব

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় সাবেক খতিব মুফতি রুহুল আমিন কয়েকজনকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তারা ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।

এ ঘটনায় মুসল্লিরা বাধা দিতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, রুহুল আমিনের নির্দেশে এক ব্যক্তি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়া এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগও রয়েছে।

সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, সংঘর্ষের পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা ছিল কি না, ঘটনায় অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলার পরিকল্পনা ও নেতৃত্বে কারা ছিলেন, তা উদঘাটন করা প্রয়োজন। পাশাপাশি অন্যান্য আসামির পরিচয়, ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং মসজিদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার ঘটনায় প্রত্যেকের ভূমিকা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করে ভাটারা থানা পুলিশ। পরে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার কারণেও তিনি আলোচনায় এসেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে ২০ সেপ্টেম্বরের সংঘর্ষের ঘটনার দুই দিন পর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে খতিবের পদ থেকে অপসারণ করে।