• আজ

হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল

হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পাঠানোর জন্যও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরার এই পরিকল্পনার কথা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। এরপর থেকেই আলোচনায় উঠে এসেছেন এই ব্যক্তি।

কে এই সৈয়দ মোজাম্মেল আলী? কী তার পরিচয়, পেশা এবং রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা কী; এসব নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল।

সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি এবং বিভিন্ন আলোচনা ও বিশ্লেষণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়।

যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, মোজাম্মেল আলীর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের সারে অঞ্চলে বসবাস করেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক পরিসরে সক্রিয় তিনি।

মোজাম্মেল আলী লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিবন্ধ ও মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরা এবং দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাকে সক্রিয় দেখা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে তার পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে আলোচনায় আসেন মোজাম্মেল আলী।

শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি। এসব বক্তব্যে তাকে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরতে দেখা গেছে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান মোজাম্মেল আলী।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

মোজাম্মেল আলী আরও বলেন, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি সামনে এসেছে তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়টিও। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

,