
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চিয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সে দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর আগে এক ধাক্কায় ৭ শতাংশ দরপতনের পর এই বেঞ্চমার্ক দর গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। যা থেকে তেল সূচকটি এখন কিছুটা পুনরুদ্ধারের পথে রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের তেলের দরসূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। আগের কর্মদিবসে ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ শতাংশেরও বেশি কমে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে জাহাজ চলাচলে অনিশ্চয়তা বহাল থাকায় সরবরাহে ব্যাঘাত ঘটার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানির দর আন্তর্জাতিকভাবে আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।





















