• আজ

মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুর কোর্ট স্টেশনে দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে।

তবে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্টেশন সূত্রে জানা যায়, চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি বড় স্টেশনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখে স্টেশনে থাকা লোকজন। পরে দ্রুত পানি ঢেলে আগুন নেভানো হয়।

ঘটনাস্থলে একটি বোতল দেখতে পান ট্রেনের কর্মচারীরা। তাদের ধারণা, পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।