• আজ ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ড. ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৬:৩৫ অপরাহ্ণ | ২৩/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের মতো একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এই পোস্ট দেন ফাহাম।

পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি তার নিঃস্বার্থ অবদানের কথা তুলে ধরা হয়। ফাহাম লেখেন, দীর্ঘ ২২ বছর ধরে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল বড় ভাইয়ের সঙ্গে তুলনা করা যায়, যিনি নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে অনুজদের বিলিয়ে দেওয়ার মধ্যে আনন্দ খুঁজে পান। তার কর্মস্পৃহা এবং ভদ্র আচরণই তার সাফল্যের মূল চাবিকাঠি।

তৃণমূল ও দেশবাসীর প্রতি তার নিবেদন স্মরণ করে লেখায় উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য ছিল অতুলনীয়। বেগম জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তিনি নিজের জীবনের মূল দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন। ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত কথোপকথনে তিনি নিজের সন্তুষ্টির কথা জানিয়ে বলেছিলেন, ম্যাডামকে মুক্ত করতে পারা এবং গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনতে পারার মধ্য দিয়েই তার জীবনের মূল কাজ সম্পন্ন হয়েছে।

ফাহাম তার স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার পক্ষে মির্জা আলমগীরের মতো বিশ্বস্ত ও নিবেদিত ‘সাহাবী’ পাওয়া অত্যন্ত কঠিন, যিনি নিজের ভালো ও খারাপ— উভয় সময়েই নেতাকে সবার আগে মনে রাখেন এবং নেতার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন। তবে তিনি নিশ্চিত নন যে তারেক রহমান এমন একজন সহযোদ্ধা পাবেন কি না।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে তিনি লেখেন, এই বিষয়টি তার জন্য একই সঙ্গে আনন্দের ও হতাশার। আনন্দের কারণ জাতি এমন একজন মানুষকে অভিভাবক হিসেবে পেয়েছে, আর হতাশার কারণ বিএনপিতে এমন একজন মানুষের বিকল্প বা রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া খুবই কঠিন, যিনি নিজের আগে দলের ও দেশের স্বার্থ দেখেন। বঙ্গভবনের ঘেরাটোপে তার দম বন্ধ হয়ে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান আছে কি না— এমন প্রশ্নের জবাবে ফাহাম তার পোস্টে বলেন, যারা মনে করেন রাজনীতিতে সৎ ও ভালো মানুষের কোনো স্থান নেই, তারা সম্পূর্ণ ভুল। মির্জা ফখরুলের জীবন ও সংগ্রাম তারই এক বড় প্রমাণ।