• আজ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৫:১৫ পূর্বাহ্ণ | ২৪/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এই পোস্ট দেন ফাহাম। পোস্টে তিনি মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি নিঃস্বার্থ নিবেদনের নানা দিক তুলে ধরেন। দীর্ঘ ২২ বছর ধরে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল বড় ভাইয়ের সঙ্গে তুলনা করেন। নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে তিনি সবসময় অন্যদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন বলে স্ট্যাটাসে উল্লেখ করা হয়।

ফাহাম লেখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য ছিল অতুলনীয়। বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তিনি জীবনের মূল দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন। ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত কথোপকথনে তিনি নিজের সন্তুষ্টির কথা জানিয়ে বলেছিলেন যে, ম্যাডামকে মুক্ত করতে পারা এবং দেশ গণতন্ত্রের পথে ফেরার পর তার জীবন সার্থক হয়েছে। মির্জা ফখরুলের মতো অনুগত ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাওয়া যেকোনো নেতার জন্যই সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন ফাহাম। তিনি লেখেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার পক্ষে মির্জা আলমগীরের মতো এমন একজন ‘সাহাবী’ পাওয়া কঠিন, যিনি নিজের ভালো-মন্দ দুই সময়েই নেতাকে সবার আগে মনে রাখেন এবং নেতার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন। তবে তারেক রহমান এমন একজন মানুষ পাশে পাবেন কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে নিজের জন্য আনন্দ ও হতাশা— উভয় অনুভূতির মিশেল বলে অভিহিত করেছেন ফাহাম। তিনি লিখেছেন, জাতি হিসেবে অভিভাবকতুল্য কাউকে রাষ্ট্রপতি পদে দেখতে চাওয়া মানুষের জন্য এটি আনন্দের, কারণ সঠিক মানুষকেই নির্বাচন করা হয়েছে। অন্যদিকে বিএনপির জন্য এটি হতাশার, কারণ দলটিতে নিজের আগে দেশ ও দলের স্বার্থ দেখা এমন মানুষের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। বঙ্গভবনের ঘেরাটোপে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। রাজনীতিতে মারদাঙ্গা বা অর্থবিত্তের প্রদর্শনী না করেও যে সাধারণ মানুষ ও ভিন্ন মতাদর্শের মানুষের শ্রদ্ধা অর্জন করা যায়, মির্জা ফখরুল তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনীতিতে সৎ ও ভালো মানুষের স্থান নেই— এই ধারণা ভুল প্রমাণ করে মির্জা ফখরুলের জীবন ও সংগ্রাম তারই প্রমাণ বলে উল্লেখ করেন ফাহাম আব্দুস সালাম।