• আজ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৬:৪৫ পূর্বাহ্ণ | ২৪/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের মতো একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ফাহাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা ও ত্যাগের নানা দিক তুলে ধরেন। দীর্ঘ ২২ বছর ধরে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল হলেন এমন একজন দায়িত্বশীল মানুষ, যিনি নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অনুজদের ভালো রাখাতেই আনন্দ পান। বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্য এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার নিঃস্বার্থ ভূমিকার কথা স্মরণ করে ফাহাম লেখেন, রাজনীতিতে এমন একজন অনুগত সহযোদ্ধা পাওয়া যেকোনো নেতার জন্যই সৌভাগ্যের বিষয়। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে আনন্দ ও হতাশা— উভয় অনুভূতির মিশ্রণ বলে অভিহিত করে তিনি উল্লেখ করেন, জাতি হিসেবে একজন অভিভাবক পাওয়ার দিক থেকে এটি আনন্দের হলেও, বিএনপিতে এমন একজন নিঃস্বার্থ মানুষের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। সবশেষে তিনি রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান রয়েছে বলে মন্তব্য করেন।