• আজ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করায় ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ১২:২৫ অপরাহ্ণ | ২৪/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন বিশ্বস্ত সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এই পোস্টে তিনি মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা ও নিঃস্বার্থ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

ফাহাম আব্দুস সালাম লেখেন, গত ২২ বছরের অভিজ্ঞতায় মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল বড় ভাইয়ের মতো মনে হয়েছে, যিনি নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অনুজদের আনন্দে সন্তুষ্ট থাকেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্য এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ছিল তার জীবনের অন্যতম ব্রত। ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে, ম্যাডামকে মুক্ত করতে পারা এবং নির্বাচন ও গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনতে পারার তৃপ্তিই তার জীবনের বড় প্রাপ্তি।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে আনন্দ ও হতাশা— উভয় অনুভূতির মিশ্রণ হিসেবে উল্লেখ করে ফাহাম বলেন, জাতি হিসেবে অভিভাবকসুলভ এমন একজন মানুষ রাষ্ট্রপতি হওয়া আনন্দের হলেও, বিএনপিতে তার মতো নিঃস্বার্থ নেতার শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন। তিনি উল্লেখ করেন, মির্জা ফখরুল কোনো মারমুখী রাজনীতি বা অর্থের প্রদর্শনী করেননি, বরং তার সততা ও ভদ্রতাই তাকে দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা ও আস্থার পাত্র বানিয়েছে। রাজনীতিতে ভালো মানুষের স্থান নেই বলে যারা মনে করেন, তাদের ধারণা সম্পূর্ণ ভুল— এমনটিই উল্লেখ করেন এই লেখক।