
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন অনুগত সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে দেওয়া ওই পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতার আলোকে মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করে তিনি লেখেন, নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অনুজদের ভালো রাখাতেই তিনি আনন্দ পান। বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্যের কথা স্মরণ করে পোস্টে বলা হয়, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে, ম্যাডামকে মুক্ত করতে পারা এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারার মধ্যেই তার জীবনের সার্থকতা নিহিত। ফাহাম উল্লেখ করেন, মির্জা ফখরুলের মতো একজন নিবেদিতপ্রাণ ও বিশ্বস্ত সহযোদ্ধা পাওয়া যেকোনো নেতার জন্যই সৌভাগ্যের বিষয় এবং তারেক রহমান এমন একজন ‘সাহাবী’ পাবেন কি না তা নিয়ে তার সন্দেহ রয়েছে। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে আনন্দ ও হতাশা— উভয় দৃষ্টিভঙ্গি থেকেই মূল্যায়ন করে তিনি বলেন, জাতি হিসেবে অভিভাবক হিসেবে পাওয়ার মতো সঠিক মানুষকেই রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে, তবে বিএনপিতে এমন একজন নেতার বিকল্প খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। রাজনীতিতে সততা ও ভালো মানুষের যে স্থান রয়েছে, মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রাম তারই উজ্জ্বল প্রমাণ বলে মন্তব্য করেন এই লেখক।























