• আজ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৭:৩৫ পূর্বাহ্ণ | ২৬/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন অনুগত সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এই পোস্ট দেন তিনি।

পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি নিঃস্বার্থ অবদানের কথা তুলে ধরে ফাহাম লেখেন, দীর্ঘ ২২ বছর ধরে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় তাকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করা যায়। নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অন্যদের ভালো রাখার মধ্যে তিনি আনন্দ খুঁজে পান।

বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্যের কথা স্মরণ করে ফাহাম উল্লেখ করেন, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে, তার জীবনের কাজ সম্পন্ন হয়েছে—ম্যাডামকে মুক্ত করতে পেরেছেন এবং নির্বাচন হলে দেশ গণতন্ত্রে ফিরবে, এতে তিনি সন্তুষ্ট। ফাহাম মন্তব্য করেন, বাংলাদেশের রাজনীতিতে এমন একজন নিবেদিতপ্রাণ ও বিশ্বস্ত সহযোদ্ধা পাওয়া যে কোনো নেতার জন্যই সৌভাগ্যের বিষয়।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে আনন্দ ও হতাশা—দুটি মিলেই দেখছেন বলে জানান ফাহাম। তার মতে, জাতির অভিভাবক হিসেবে এমন একজন মানুষকেই রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে, যা আনন্দের। অন্যদিকে বিএনপিতে এমন একজন মানুষের শূন্যতা পূরণ করা কঠিন, যা হতাশার। বঙ্গভবনের চার দেয়ালের মাঝে তার মতো কর্মচঞ্চল মানুষের দম বন্ধ হয়ে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান রয়েছে, মির্জা ফখরুলের জীবন তারই বড় প্রমাণ বলে উল্লেখ করেন এই লেখক।