
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের মতো একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাবেন কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি তার নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দীর্ঘ ২২ বছর ধরে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেন।
ফাহাম লেখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য ছিল অতুলনীয়। বেগম জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তিনি নিজের জীবনের মূল দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন। ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত কথোপকথনে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে, তার জীবনের কাজ সম্পন্ন হয়েছে এবং তিনি এতে সন্তুষ্ট।
রাজনীতিতে মির্জা ফখরুলের ভূমিকা প্রসঙ্গে ফাহাম উল্লেখ করেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার পক্ষে মির্জা ফখরুলের মতো এমন একজন বিশ্বস্ত সহযোদ্ধা পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়, যিনি নিজের ভালো ও খারাপ— উভয় সময়েই নেতাকে সবার আগে মনে রাখেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, তারেক রহমান এমন একজন ‘সাহাবী’ বা সহযোদ্ধা পাবেন কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে আনন্দ ও হতাশা— দুটোর মিশেল হিসেবে উল্লেখ করে ফাহাম বলেন, জাতি হিসেবে অভিভাবক পাওয়ার জন্য এমন একজন মানুষই দরকার ছিল এবং সঠিক ব্যক্তিকেই নির্বাচিত করা হয়েছে। তবে একই সঙ্গে বিএনপিতে এমন একজন মানুষের শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন হবে বলেও তিনি মন্তব্য করেন। কোনো মারদাঙ্গা রাজনীতি বা অর্থবিত্তের প্রদর্শনী ছাড়াই সবার কাছে তার গ্রহণযোগ্যতা রাজনীতিতে সততার প্রমাণ দেয় বলে উল্লেখ করেন এই লেখক।























