• আজ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করায় ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ২:০০ অপরাহ্ণ | ২৭/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি তার নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পোস্টে তাকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল বড় ভাইয়ের সঙ্গে তুলনা করা হয়, যিনি নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে অনুজদের ভালোথাকার মধ্যে আনন্দ খুঁজে পান।

ফাহাম লেখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য ছিল অতুলনীয় এবং বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তিনি জীবনের মূল দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন। ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত কথোপকথনের স্মৃতিচারণ করে তিনি জানান, মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে ম্যাডামকে মুক্ত করতে পারায় এবং দেশ গণতন্ত্রের পথে যাওয়ায় তিনি সন্তুষ্ট। ফাহাম উল্লেখ করেন, রাজনীতিতে মির্জা ফখরুলের মতো এত বিশ্বস্ত ও অনুগত সহযোদ্ধা পাওয়া যে কোনো নেতার জন্যই সৌভাগ্যের বিষয়, তবে তিনি নিশ্চিত নন যে তারেক রহমান এমন কাউকে পাশে পাবেন কি না।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া নিয়ে নিজের মিশ্র অনুভূতির কথা জানিয়ে ফাহাম লেখেন, জাতির অভিভাবক হিসেবে এমন একজন সৎ মানুষকে রাষ্ট্রপতি করা অত্যন্ত আনন্দের, তবে বিএনপিতে তার মতো একজন নিঃস্বার্থ মানুষের শূন্যতা পূরণ করা কঠিন হওয়ায় এটি কিছুটা হতাশারও বটে। বঙ্গভবনের ঘেরাটোপে তার মতো কর্মঠ মানুষের দম বন্ধ হয়ে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মারদাঙ্গা রাজনীতি বা অর্থের প্রদর্শন থেকে দূরে থাকা সত্ত্বেও সাধারণ মানুষ ও ভিন্ন মতাদর্শের কাছে মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা ও সম্মান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে যে ভালো মানুষের স্থান আছে, মির্জা ফখরুলের জীবন ও সংগ্রাম তারই বড় প্রমাণ।