
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের একটি করপোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ব্যাংকটির ক্যাশ ইনচার্জ নিজ হাতে ওই টাকা সরিয়ে নিয়ে একটি গরুর খামারে বিনিয়োগ করেছেন। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার বাদী হয়ে মামলা করার পর ক্যাশ ইনচার্জসহ দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লালদীঘিপাড় জেলা পরিষদ ভবনের দ্বিতীয়তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেডের করপোরেট শাখায়। অভিযুক্ত ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন (৪১) ওই শাখার ক্যাশ ও ভল্টের দায়িত্বে ছিলেন। তার সঙ্গে গ্রেফতার হওয়া অপর ব্যক্তি হলেন জাফরুল্লাহ তানভীর (২৫)।
ব্যাংক ও এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় বড় ধরনের ঘাটতি ধরা পড়ে। কাগজে-কলমে যে পরিমাণ টাকা থাকার কথা, বাস্তবে তার চেয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকা কম পাওয়া যায়। এ বিষয়ে কামরুল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে জানা যায়, ১ জুন ২০২৫ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে এই অর্থ সরানো হয়। টাকার বান্ডিল গণনার সময় কারসাজি ধরা পড়ে; যেখানে এক হাজার টাকার নোটের বান্ডিলের ভেতরে বেশিরভাগই একশ টাকার নোট রাখা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল হোসেন জানিয়েছেন, ব্যাংক থেকে সরানো এই টাকা তিনি তার সহযোগী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামের একটি গরুর খামারে বিনিয়োগ করেছেন। ওই খামারে বর্তমানে উন্নত জাতের ৫০ থেকে ৬০টি গরু রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ব্যাংক ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে মামলা করার পর দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন। পুলিশ জানিয়েছে, আসামিরা কীভাবে টাকা সরালেন এবং এর সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।























