• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

উপকূল রক্ষায় সবুজ উদ্যোগ: মালঞ্চ নদীর চরে চরবনায়ন কর্মসূচি

| নিউজ রুম এডিটর ৮:৩২ পূর্বাহ্ণ | ২৭/০৬/২০২৫ সাতক্ষীরা, সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাতে যখন উপকূল এলাকা বারবার বিপর্যস্ত, তখন সেই সংকটে এক আশার আলো নিয়ে এগিয়ে এসেছেন স্থানীয় মানুষ। প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙন থেকে উপকূলীয় বাঁধ রক্ষায় শ্যামনগরের মানুষ হাতে নিয়েছেন সবুজ বর্ম তৈরির মহত্ উদ্যোগ-চরবনায়ন।
২৬ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় সুন্দরবনের কোলঘেঁষা মালঞ্চ নদীর চরজমিতে ১ একর ৪৪ শতক এলাকাজুড়ে অনুষ্ঠিত হলো এক অনন্য বৃক্ষরোপণ কর্মসূচি। যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করে স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)।

উপকূলের পরিবেশ ও বাস্তুতন্ত্র উপযোগী নানাবিধ চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল—নদীভাঙন রোধ, জীব বৈচিত্র্য রক্ষা এবং উপকূলীয় বাঁধ কে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। তিনি বলেন,  এই বৃক্ষরোপণ শুধু প্রকৃতিকে নয়, এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় অবদান রাখবে। আমাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা জরুরি।

চরবনায়নের এই মহত্ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি জিয়াউর রহমান, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকগণ এবং স্বেচ্ছাসেবীরা।

স্থানীয় নারী পঞ্চি রানী বলেন,  প্রতিদিনই আমরা ঝড়-জলোচ্ছ্বাসের আতঙ্কে কাটাই। চরবনায়ন যত বাড়বে, ততই উপকূলের বাঁধ মজবুত হবে। এই গাছ আমাদের শুধু অক্সিজেনই দেবে না, দেবে আশ্রয় আর আশা।
উল্লেখ্য, লিডার্স দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই উদ্যোগ শুধু প্রকৃতির সঙ্গে সহাবস্থান নয়, বরং একটি দূরদর্শী চিন্তার প্রতিফলন—যেখানে মানুষ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্ম এক সুতোয় গাঁথা। এ যেন সবুজে মোড়ানো প্রতিরোধের প্রতিজ্ঞা, যেখানে জীবনের কোলাহল রক্ষা পায় বৃক্ষের নিঃশব্দ ছায়ায়।