• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সাঈদীর দুই ছেলেসহ পিরোজপুরের ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিন আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেসহ তিনজনকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভান্ডারিয়ার ইসলামি ফাউন্ডেশন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

পিরোজপুর-১ আসনে সাঈদীর সেজ ছেলে ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে বিশিষ্ট সমাজসেবক ও সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে প্রার্থী ঘোষণা করা হয়।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরসহ সারাবিশ্বে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার পরিবারের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জামায়াত তার দুই ছেলেকে প্রার্থী ঘোষণা করেছে।’

মাসুদ সাঈদী বলেন, ‘জামায়াত আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে যে দায়িত্ব দিয়েছে, তা আমানতদারিতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। পিতার মতোই সব মানুষের পাশে থাকতে চাই। পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তরুণ নেতৃত্বকে এগিয়ে নেয়া এবং সর্বস্তরে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কায়েম করাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘পিরোজপুরে অবকাঠামোগত উন্নয়নের নব্বই ভাগই আমার শহীদ পিতার হাতে গড়া। পরবর্তীতে যারা সংসদ সদস্য ছিলেন, তারা তেমন কোনো উন্নয়ন করতে পারেননি। জনগণ তাদের কাছে পৌঁছতেও পারেননি। আমরা এই পরিস্থিতির পরিবর্তন আনতে চাই। আল্লাহর দয়ায় নির্বাচিত হলে সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকব।’

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকরুদ্দিন খান রাজীব এবং সংশ্লিষ্ট নেতারা।