
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিক সুজনকে আটক করা হয়েছে। প্রেমের সম্পর্কে অবনতির কারণে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রাত এগারোটার দিকে তারা খবর পান, রেলস্টেশনের ভিতরে ৭ নম্বর প্লাটফর্মের পাশে এক নারীকে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে, ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহত নারীর নাম শ্যামলী। তার বাড়ি নাটোর জেলায়। আর আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শ্যামলী বর্তমানে থাকত আজিমপুর এলাকায়। প্রেমের সম্পর্কে অবনতির কারণে রেলস্টেশনের ভিতরে তাকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।























