• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করে গণতন্ত্র রক্ষা করা যায় না: রুমিন ফারহানা

| নিউজ রুম এডিটর ৩:০৬ অপরাহ্ণ | ০৫/০৮/২০২৬ News

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান যুগে গণমাধ্যম কেবল টেলিভিশন চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রযুক্তির কল্যাণে এখন প্রতিটি মানুষের হাতেই গণমাধ্যম রয়েছে। কেউ শেখ হাসিনার বক্তব্য শুনতে চাইলে তিনি তা শুনতে পারবেন এবং এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই অভ্যুত্থান দিবসের সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা আরও বলেন, শেখ হাসিনার আমলে আদালতের আদেশের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ করা হয়েছিল। যদি সেই অবস্থাকে গণতন্ত্র বলা না যায়, তবে বর্তমান পরিস্থিতিকেও গণতন্ত্র বলা কঠিন। শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, তিনি এ দেশের নাগরিক এবং তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে, তাই তিনি চাইলে দেশে ফিরতেই পারেন।

সাম্প্রতিক ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে এই সংসদ সদস্য বলেন, এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণ হ্রাসের বিষয়টি স্পষ্ট করেছে। স্থানীয় বিএনপির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করার বিষয়ে তিনি বলেন, জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।